

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার জেলা কারাগার হয়ে শাহতলী বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি সংস্কার করার জন্য অনুমোদন গলেও ঠিকাদার কাজ করতে গড়িমসি করছে, ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কাজ কার্যত বন্ধ রয়েছে। ফলে বর্ষার পানি জমে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় কোথায় কতটা গভীর গর্ত রয়েছে তা বোঝা যায় না। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এসও আইউব খান বলেন, “কাজটি দ্রুত শেষ করার জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি, খুব দ্রুতই সংস্কার কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে কাজের প্রস্তুতি হিসেবে সড়কের পাশে খোয়া ভাঙার কাজ চলছে।”
চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী বলেন, “সড়কটির কাজ চলমান রয়েছে। কেন কাজটি বন্ধ রয়েছে, সে বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলা হবে। চলমান বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাজ দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।”
এদিকে স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করবে। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

















