প্রকাশিত হলো রফিকুজ্জামান রণি সম্পাদিত সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’

নিজস্ব প্রতিবেদক :

চর্যাপদ সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং কবি রফিকুজ্জামান রণির সম্পাদনায় প্রথমবারের মতো প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ভিসুভিয়াস। এতে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণি লেখকদের লেখা ঠাঁই পেয়েছে।

গল্প-কবিতা-প্রবন্ধের পাশাপাশি রয়েছে অনুবাদ, আঞ্চলিক গান ও নাট্যকলা বিষয়ক লেখাও। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ।

প্রকাশনা সংস্থা ছিন্নপত্র-এর মাধ্যমে কাগজটি বাজারে এসেছে। প্রথম সংখ্যা উৎসর্গ করা হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি জরিনা আখতারকে। প্রধান উপদেষ্টা রাখা হয় কবি জামসেদ ওয়াজেদকে।

এছাড়া উপদেষ্টামণ্ডলী ও সম্পাদনা পরিষদসহ বিভিন্নভাবে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট নূরুল হক কমল, অ্যাডভোকেট মোঃ মহসীন খান, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম চিশ্তী, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, আয়েশা আক্তার রুপা, শিউলী মজুমদার, দুখাই মুহাম্মাদ, নন্দিতা দাস, ফেরারী প্রিন্স, জয়ন্তী ভৌমিক, কামরুন্নাহার বিউটি, রাসেল ইব্রাহীম, আইরিন সুলতানা লিমা ও নাজমুল ইসলাম।

এ ব্যাপারে ভিসুভিয়াসের সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ভিসুভিয়াস। ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিসুভিয়াস’-এর নামানুসারে সাহিত্যের এ ছোট কাগজটির নামকরণ করা হলো।

তিনি আরও বলেন, শিল্প-সাহিত্যের পথ কখনই মসৃণ হয় না। পোড় খেতে খেতে এ পথে বিচরণ করতে হয়। পোড়-খাওয়া মানুষগুলোর সম্মানে এমন একটি নামকেই যথার্থ মনে করি আমরা।

প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy