

তোমরা ছিলে আমারই অভিন্নে
সান্নিধ্যের ধনুক-দূরত্বে
হঠাৎ এক অচ্ছুত ট্রেনে চেপে
কোন অচিনপুরে গেলে, জানি না
সেখানে আলোর ইন্দ্রিয়নে আছো
নাকি অন্ধকারে হাতড়াচ্ছো
জানি না মোটেও
সসীম মানুষ
কী করে রাখি অসীমের খবর
এখানকার সব খবরই ঠিকঠাক রাখি না
অধিক শূন্যে, পাতালে, সমুদ্রের গহীনে কী ঘটে
কে জানে!
এই চাঁদপুরে থেকে
চাঁদেরই অনেক খবর আমার অজানা
সীমাবদ্ধতার জালে আটকে আছে
আমার সক্ষমতা, পারঙ্গমতার ব্যারোমিটার

ওই অচিনপুরে তোমাদের সঙ্গে হবে কি ফের দেখা
হবে কি খায়খাতির, বাক্য বিনিময়
নাকি তোমাদের সঙ্গে আমার সব পাঠ
চুকেবুকে এখানেই ইতিময়?
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















