সাতক্ষীরায় দীর্ঘ ৩০ বছর পর দখল মুক্ত হলো জেলা পরিষদের পুকুর

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বেদখলে থাকা ৫৫ শতক জায়গার উপর খননকৃত সাতক্ষীরা জেলা পরিষদের একটি বড় পুকুর দখলমুক্ত করেছেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা সদরে অবস্থিত থানার পাশ্ববর্তী এলাকা থেকে উক্ত পুকুরটি দখল মুক্ত করা হয়।

এসময় জেলা পরিষদ সার্ভেয়ার আল-আমিন জানান, দখলদার আব্দুস সবুর ৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত অবৈধভাবে দখল করে আসছিলেন। আজ জেলা পরিষদের সমস্ত কাগজপত্র দেখে শুনে স্ব-ইচ্ছায় তিনি এই পুকুরটি জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।

পুকুর দখল মুক্ত কালে সাধারণ মানুষের উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল সিলাম হাবিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের পুকুরসহ সরকারি যতগুলো অবকাঠামো, জমি ও বিভিন্ন স্থাপনা অন্যের দখলে রয়েছে সেগুলো দখল মুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশিত :  ‍বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy