চাঁদপুরের বিষ্ণুপুরে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সজীব খান, চাঁদপুর:
“খেলায় গড়ি চরিত্র, শিক্ষায় গড়ি দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের বিষ্ণুপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর স্কুল পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিষ্ণুপুরের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত খেলাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় (বিষ্ণুপুর)-এর সভাপতি অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহমদ।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং সুস্থ-সুন্দর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy