

গাজী মোহাম্মদ মহসিন:
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছে যুবদল।
মাদকের সাথে কোনোরূপ আপস করা হবে না বলে সংগঠনটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন ও ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি নিতে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় শহরের বাবুরহাট বাজারের হাজী রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ খান, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য চন্দন দে, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জিন্টু মাল, বিএনপি নেতা কাকন খান, ১৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মান্নান গাজী, ১ নম্বর সদস্য মোঃ সাগর মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৪নং ওয়ার্ডকে শতভাগ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মী মাঠে থেকে অপরাধীদের প্রতিহত করবে।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পাটওয়ারী, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাদ্দাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহন পালোয়ানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মী।
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬














