

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোঃ জাবেদ। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর (স্থানীয় সরকার শাখা) থেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে ইউনিয়ন পরিষদে চিঠি পাঠানো হয়েছে।

গ্রাম আদালতের দায়িত্ব পাওয়ায় ইউপি সদস্য শাহ মোঃ জাবেদ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
নবনিযুক্ত গ্রাম আদালতের বিচারক শাহ মোঃ জাবেদ বলেন, “এখন থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ ও মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। নির্ধারিত আইন ও বিধি অনুসরণ করে দ্রুত শুনানির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম সফল করতে ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের মতে, গ্রাম আদালতের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ইউনিয়ন পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার গণশুনানী অনুষ্ঠিত হবে, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সকল সমস্যাগুলো সরকারি নিয়ম নীতির ভিতরে সমাধান করতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্ভিক সহযোগিতা চেয়েছেন।














