

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর সদর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে সদর মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজার ও বাবুরহাট এলাকা থেকে মাদক সেবন ও মাতলামি করা অবস্থায় ৭ মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করানো হলে চিকিৎসকের রিপোর্টে গ্রেপ্তারকৃত সবার শরীরেই ক্ষতিকর মাদকের উপস্থিতি পজেটিভ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর রাতে নাইট কিলো-০১ ডিউটিতে নিয়োজিত থাকাকালে খবর আসে— আশিকাটি ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে অরাজকতা সৃষ্টি করছে। সংবাদটি পাওয়া মাত্রই চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ আহমেদকে অবহিত করলে তাৎক্ষণিক কঠোর নির্দেশনায় এসআই মোঃ মনির মিয়ার যোগ্য নেতৃত্বে এবং সংগীয় ফোর্সের সহায়তায় আশিকাটি এলাকায় দ্রুত এক আভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আশিকাটি চাঁদখার বাজার ব্যবসায়ী আব্দুল কাদের পারভেজ মৃর্ধা (৩২), আশিকাটি ইউনিয়ন যুবদলের সদস্য ও ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ আশরাফুল খান (৩৫), আশিকাটি গ্রামের মোঃ শরীফ গাজী (৩২), সিএনজি চালক গিয়াস উদ্দিন গাজী গেসু (৩০), রিয়াদ হোসেন গাজী (২৪), মোঃ ফারুক মল (৪৫), মোঃ রাকিব (৩০)।
ঘটনাস্থলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করে। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, আসামিদের শরীরে অ্যাম্পেটামিন (AMP) ও বেনজোডায়াজেপিনস (BZO)-এর পজেটিভ উপস্থিতি রয়েছে।
হাসপাতালের ডোপ টেস্টের পজেটিভ রিপোর্ট পাওয়ার পর এসআই মোঃ মনির মিয়া বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। আদালত তাদেরকে তাদেকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
চিহ্নিত ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করায় এলাকায় স্বস্তির ছায়া নেমে এসেছে এবং চাঁদপুর মডেল থানার এস আই মনির হোসেন মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
ওসি মোঃ ফয়েজ আহমেদের দূরদর্শী দিকনির্দেশনা এবং এসআই (নিঃ) মোঃ মনির মিয়ার তাৎক্ষণিক সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন সুনির্দিষ্ট ও গতিশীল পদক্ষেপে সাধারণ জনগণ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে সাধুবাদ ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬














