নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে পুলিশ ও চৌকিদারদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এলাকায় কোনো অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা বা অপরাধসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানাতে হবে। এতে অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।

প্যারেড পরিদর্শনকালে তিনি চৌকিদারদের নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি রাখার নির্দেশ দেন। বিশেষ করে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হতে পারে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেন পুলিশ সুপার।

খন্দকার ফজলে রাব্বি বলেন, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে চৌকিদারদের কাছ থেকে দ্রুত তথ্য পাওয়ার মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

প্যারেড পরিদর্শনের সময় নাগেশ্বরী থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy