মানসম্মত উচ্চশিক্ষার মাইলফলক: হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তনে সনদ বিতরণ

সিদ্দিকুর রহমান প্রামাণিক:

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজিত হলো প্রথম সমাবর্তন আয়োজনের মাধ্যমে। অদ্য ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হামদর্দ নগরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক সমাবর্তন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১,৭৫৪ জন গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি সনদ প্রদান করা হয়। পাশাপাশি অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান এবং ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম, পিএইচডি, MIEEE।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানবসম্পদ গঠনে নতুন এক দিগন্ত উন্মোচন করলো।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এই ঐতিহাসিক আয়োজন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা ও অগ্রযাত্রায় এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy