

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির-১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তিনি এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি বলেন, “মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির ১ নম্বর সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং এ দেশের নারী সমাজের জন্য ভালো কিছু করতে পারি—সেজন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সেলিমা আপা দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে কমিটির কার্যক্রমে নারী ও শিশুদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রাশেদা বেগম হীরা বলেন, দেশের নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
প্রসঙ্গত : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি করা হয়েছে সেলিমা রহমানকে (মহিলা আসন-১)। কমিটির সদস্যরা হলেন-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, আলহাজ্ব রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩), বিলকিস ইসলাম (মহিলা আসন-৭), আন্না মিনজ (মহিলা আসন-১৯), মাধবী মারমা (মহিলা আসন-৩৪), ফাহিমা নাসরিন (মহিলা আসন-২৯), আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২), নুরুন্নিসা সিদ্দিকা (মহিলা আসন-৩৭) এবং সাবেকুন নাহার (মহিলা আসন-৩৯)।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

















