

মাজহারুল ইসলাম (রুবেল), শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
পারিবারিক কলহ নিয়ে শিবচরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ২ সন্তানের জননী স্ত্রী খুন হয়েছে। এদিকে আজ সকালে ঘাতক স্বামী রেজ্জেক তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে খুন করে স্বামী রেজ্জেক তালুকদার।

খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখেই খুনি স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার সকালে উপজেলার চরশ্যামাইল থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটো চালক রাজ্জাক তালুকদার ও তার ২য় স্ত্রী আয়শা আক্তারের (৩০) সাথে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সাথে স্ত্রী আয়শার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আয়শার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়।
ঘরে চেচাঁমেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়শাকে নিথর অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়শাকে নিজের ইজিবাইকে করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে আয়শাকে রেখে এসময় স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। নিহত আয়শার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান জানান, হত্যাকান্ডের পর ঘাতক স্বামী তার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়।

পুলিশ অভিযান চালিয়ে আজ সকালে ঘাতক রেজ্জেক তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত রেজ্জেক হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। পারিবারিক কলোহের জেরেই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে ধারালো কেচি দিয়ে পেটে আঘাত করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।










