দোহার পরিদর্শন করলেন ঢাকা জেলার ডিসি শহীদুল ইসলাম

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম ঢাকার দোহার উপজেলা পরিদর্শন করেছেন। বুধবার তিনি দোহার উপজেলার ভূমি অফিস এবং দোহার থানা পরিদর্শন করেন এবং জনগণের সেবা নিশ্চিতকল্পে দিক নির্দেশনা প্রদান করেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ও সেবাপ্রার্থী রোগীদের খোঁজ-খবর নেন। পরবর্তীতে বিলাসপুর ইউনিয়নের রাধানগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে মানুষকে দ্রুত সেবা দিতে ইউনিয়ন পরিষদ সচিব ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি উক্ত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন।

দোহার কৃষি অফিসের আয়োজনে নয়াবাড়ি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ও
টিসিবির মালামাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং সুশৃঙ্খলভাবে বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি সেখানে বসবাসকারী মানুষের এবং শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এসময় তিনি কয়েকজন অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন। পরবর্তীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ফজলে রাব্বি, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

You might like