নলেজ ইজ সিন : যুবক অনার্য

মাধবীর ডেরা আজ ছেনে গেছে অনেকেই
নাথানও এসেছিলো;
নাথানের ঔরসে মাধবীর গর্ভে এলো নিশিথার মতো এক ফুটফুটে চাঁদ!
১৮ বছর পর নিশিথার নষ্ট নীড়ে একদিন নাথানের পায়চারি,
তৃষ্ণা বেড়েছে খুব বয়সের বলিরেখা
মেনে গেছে হার।

নিশিথা জানেনা নাথানের পরিচয়,
নাথানও জানে না এই নারী নিশিথীনি নুলিয়ানা নাকি মারজানা–
মাধবীর ঘরে এক দ্বিতীয় ক্ষরণ।

নদীতে পোনা ফেলে
বোঝার কি উপায় আছে কোন পোনা কোন মাছ হয়ে ভেসে আছে!
তবে আর দেরি নয় কুঞ্চিত কপালের ভাঁজ নয়,
পিয়ে নিলো নিশিথার সবটুকু
নাথানের শরীর-প্রণয়!

কেউ জানলো না বুঝলো না কেউ– নাথানের সঙ্গে নিশিথার পাড়াভুক
রসায়ণ,
জানলো না নিয়তিও;
নিয়তি ঘুমিয়ে থাকে হয়তো এমন সময়।

জানলেই পাপ– না জানলে
পাপ নেই কোনো!

You might like