‘সাংবাদিকসহ নিউ মার্কেটের ব্যবসায়ী, কলেজের শিক্ষার্থী মিলে প্রায় শতাধিক আহত’

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা। নিউমার্কেট ও ঢাকা কলেজের আশেপাশে অবস্থা যেন রণক্ষেত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাধা সংঘর্ষ প্রথম পর্যায়ে আড়াই ঘণ্টার ব্যবধানে নিয়ন্ত্রণে এলেও সকাল ১০টা থেকে শুরু হওয়া বর্তমান পরিস্থিতি থমথমে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্ররা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দোকানের কর্মীদের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ চলছে। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের একজন আবাসিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন অবস্থা খুব খারাপ। মোশাররফ নামের একজন ছাত্র মুমূর্ষু অবস্থায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। এ ছাড়া, আরও অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন।

ধানমন্ডি হকার্স মার্কেটের ফুটপাতের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘গতকাল রাতের ঘটনার রেশ ধরে আজকে সকাল ১০টার পর থেকে নিউমার্কেটের বিভিন্ন দোকানের কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর ফলে এই এলাকায় থাকা বিভিন্ন ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম বুথসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এই সংঘর্ষে দু’পক্ষেরই অনেক ক্ষতি হয়েছে।’

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ‘সাংবাদিকসহ নিউ মার্কেটের ব্যবসায়ী, কলেজের শিক্ষার্থী মিলে প্রায় শতাধিক আহত হয়েছেন। এ ছাড়া, সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব ধরনের দোকানপাটও বন্ধ রয়েছে। এবং মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে। সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, না হলে ঘটনা আরও বড় হতে পারে।’

নিউমার্কেট-ঢাকা কলেজ সংঘর্ষ’র ব্যাপারে কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, তাদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে তারা আবাসিক হল থেকে নিউমার্কেটে গেলে ব্যবসায়ীরা তাদের মারধর করে। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তারা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাংচুর করতে থাকেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হয়ে আসেন।

রাতের ঘটনার জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর তাদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানের কর্মীদের আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে৷

এদিকে, সকাল থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলেও প্রশাসনের উপস্থিতি লক্ষ করা যায়নি। অবশেষে ৫ ঘণ্টা পর পুলিশের টহল চোখে পড়ে।

You might like