ব্লাসফেমি

যুবক অনার্য :

হতে পারে চিলমারি,কাগমারি হয়তো বা কিংবা আমাদের এ পাড়ায় বজ্রপাত হলো
হতে পাতে বজ্রপাত রজঃপাত গর্ভপাত
ইত্যাদি পাত- চিলমারি কাগমারি কিংবা আমাদের
এ পাড়ায়।
হতে পারে যে কোনো কিছুই,
কিন্তু রহিমুদ্দির জীবন বদলে যায় না কিছুতেই
কংশপাড়ের হরিনারায়ণ –
যাকে দেখা গিয়েছিলো “চার্বাক লেনে
দ্বিভাষিক পায়ের ছাপ” – এর একটি কবিতায়,
বদলে যায় না জীবন কিছুতেই তার।
রানুদি- তেমনই আছেন যেরকম
শৈশবে দেখেছিলাম।

বদলে গেছে গণি মিয়া
বদলে গেছে অমুক ভট্টাচায্যি
বদলে গেছে পূরবী।

হচ্ছে বজ্রপাত রেতঃপাত;
বজ্রপাত এবং ইত্যাদি পাতের শব্দ আর অনুভূতি মানুষের কাছে আলাদা রকমের নয়।

তবু কেউ কেউ বদলে গেছে
কেউ কেউ রয়ে গেছে
ছিলো যেরকম
অথচ কী আশচর্য
ঈশ্বর ছাড়া সবকিছুই তো বিবর্তিত!

তবে যারা বদলে যায় নি
গেলো না কেনো!

‘পথ জানা নেই ‘-এর মতো
উত্তর জানা নেই,
যেহেতু মানুষেরা বানিয়ে নিয়েছে ঈশ্বর –
পরস্পরবিরোধী।

ফলাফল: একটি শিশু মানুষরূপে
জন্ম নিলেও হারিয়ে ফেলে অধিকার
শুধুমাত্র ‘মানুষ’ হিসেবে বেঁচে থাকবার-

তাকে হতে হয় :
গণি মিয়া
ভট্টাচায্যি
গোমেজ
বড়ুয়া

শুধু ‘মানুষ’ হতে চাওয়া
মানুষের কাছে
সবচেয়ে বড়ো ব্লাসফেমি।

You might like