মাগো, তোমার কোল ছাড়া অন্য কোনো কোল নাই

যুবক অনার্য :

শুনেছি – শোনা কথায় কান দিতে নেই
হে পাঠক, আমি এখন যা বলতে চাই
সেসবের অনেক কিছুই শোনা কথা
তাই কান দিবেন না – রইলো বিনীত অনুরোধ।
শুনেছি – আমার দেশের একজন গায়ক দেশাত্মবোধক শিরোনামে একটি অ্যালবাম
বের করেছিলেন
কী অসাধারণ সেই শিরোনাম,চেতনায় মাখা ধ্বণি
এই শিরোনামে অ্যালবাম রিলিজ হবার পরেও
তার বেবি জন্ম নিয়েছিলেন ম্যায়রিকায়
তিনি কি এ দেশে জন্ম নিয়ে বিখ্যাত গায়ক হন নি?
তিনি কি সুখী নন যে জন্মেছেন এ বাংলার বুকে!
তবে তার বেবিকে জন্ম দিতে পারবে না এ দেশ
– দেশটা কি এতোটাই অনুর্বর – অক্ষম!
শুনেছি- এ দেশের নাট্যব্যক্তিত্ব এক দম্পতি
সম্প্রতি পারি জমিয়েছেন সুদূর ম্যায়রিকা
এ দেশ কি তাদের ধারণ করতে সক্ষম নয়!
এ দেশ কি তাদের এনে দেয় নি খ্যাতি
এ দেশে কি ছিলো না তাদের বিত্ত বৈভব!
কী এমন অপরাধ ছিলো
বঙ্গবন্ধুর এই বাংলাদেশের যে চলে যেতে হবে নিজের মা-কে ছেড়ে
অন্য মায়ের কাছে!
এরকম আছে অনেক অনেক উদাহরণ
যাদের ভাত কাপড়ের অভাব নেই
আছে জীবনের ঐশ্বর্য যাবতীয়
আর জীবনের উৎসব
তবু দেশকে যেনো তালাক দিয়ে
চলে গেছেন নির্মমভাবে!
ভাবে না একটিবারও- এ দেশ
স্বাধীন হয়েছিলো তিরিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে
ভাবে না- এ দেশ স্বাধীন হয়েছিলো
মার্চের ময়দানে বঙ্গবন্ধুর অবিসংবাদিত উচ্চারণে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম / এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ভাবে না এ দেশ স্বাধীন হবে বোলেই বঙ্গবন্ধু
বুকে টেনে নিয়েছিলেন ‘ নিউক্লিয়াস’-এর
আজন্ম সংগ্রামী সিরাজ ভাইকে।
বুঝতে পারে না- বঙ্গবন্ধুর বাংলাদেশের চেয়ে
শ্রেষ্ঠ দেশ পৃথিবীর কোথাও নেই
রবীন্দ্রনাথের সোনার বাংলার চেয়ে শ্রেষ্ঠ দেশ পৃথিবীর কোথাও নেই
জীবনানন্দের রূপসী বাংলার চেয়ে শ্রেষ্ঠ দেশ পৃথিবীর কোথাও নেই।

বুঝতেই পারে না – মায়ের কোল ছাড়া
শিশুদের বাসযোগ্য অন্য কোনো কোল নেই।
বুঝতেই পারে না- মাতৃদুগ্ধ ছাড়া
অন্য দুগ্ধ পান করলে বদহজম হয়ে যায় অবুঝ শিশুদের।

You might like