সবকিছু নষ্টদের

যুবক অনার্য :

হুমায়ুন আজাদ স্যার লিখেছিলেন-
“সবকিছু নষ্টদের অধিকারে যাবে”।
সবকিছু কেনো শুধু নষ্টদের অধিকারেই যায়! নষ্টরা যোগ্য বোলে? নষ্টরা নষ্ট বোলে?
শিশুর চোখে লেগে থাকা বিস্ময়
পাতাঝরা রাত নয়নলোভনরমণীকূল কৃষ্ণচুড়ার লাল ফুলে ফুলে সৌরভ
মাছদের দুচোখ বেয়ে গড়ানো
অশ্রুজল, অরুনিমা স্যানালের মুখ
কিশোরীর আঘ্রাণ
এই রাষ্ট্র, এমন পৃথিবী এই
এইসব এইসব আর সমগ্র ঈশ্বর
সকলে সবকিছুই কেনো যাবে
অধিকারে শুধু নষ্ট নষ্ট নষ্টদের!
কেনো – তাহাদের ওটা অধিক
দীর্ঘ বোলে! তাহারা ঈশ্বরপন্থী বোলে!
ঈশ্বর বিরোধী বোলে!
প্রকাশ্য দিবালোকে ব্যালট
উড়িয়ে দিতে পাতে বোলে!
রবীন্দ্রনাথকে অস্বীকার
করতে পারে বোলে!
ডিজিটাল ফিজিটাল কীসব ছাল টাল
পাশ করতে পারে বোলে!
কেনো যাবে সবকিছু নষ্টদের অধিকারে?

প্রিয় আজাদ স্যার, সবকিছু নষ্টদের অধিকারে সেই কবেই তো গেছে চলে
নইলে কি আর আমাদের স্বপ্নগুলি
ঘুমের মধ্যেও কারারুদ্ধ হয়ে মরে!

You might like