ফকির এ্যাপারেলস লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ আটক

ফতুল্লার বিসিকস্থ ফকির এ্যাপারেলস লিমিটেড নামক পোষাক তৈরি কারখানার সুতা চুরির অভিযোগে কারখানাটির সিকিউরিটি ইনচার্জ কালা চাঁন বিশ্বাস (৬৭) কে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মে) রাতে তাকে বিসিক থেকে আটক করা হয়। আটককৃত কালা চানঁ বিশ্বাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বান্ধাপাড়ার প্রফুল্ল কুমার বিশ্বাসের পুত্র।

এ ঘটনায় কারখানাটির সিনিয়র ম্যানেজার (এ্যাডমিন) মোঃ জাকির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৫ বছর যাবৎ আটককৃত কালা চানঁ বিশ্বাস বিসিক ফকির এ্যাপারেলস সিকিউরিটি ইনচার্জ পদে চাকুরি করে। প্রায় ৭/৮ বছর যাবৎ সে কয়েক সহযোগীদের নিয়ে কৌশলে কারখানার সুতার গোডাউন হতে গেইট পাশ ব্যতিত সুতা চুরি করছিল।

রোববার (২৯মে) দুপুরে পৌনে দুইটার দিকে সানজিদা টেক্সটাইল লিমিটেডের সিল যুক্ত ৩-৪ কার্টন সুতা গেইট পাশ ব্যতিত গাড়িতে তোলার সময় কারখানাটির কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, কারখানার লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট

You might like