সাইবার অপরাধ ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশর ‘সাইবার পুলিশ’ মনিটরিং সেল গঠন

অনলাইন জালিয়াতি, শিশু পর্নোগ্রাফি, মেধা সম্পত্তি পাচার, ব্যক্তিগত তথ্য চুরি বা গোপনীয়তার আগ্রাসন- নারায়ণগঞ্জে থেকে সোশ্যাল মিডিয়ায় কারো সাথে যদি এমন ঘটনা ঘটে বা আপনি এমন ঘটনার শিকার হন; তাহলে একটি ফোন কল‘ই প্রতিরোধ করতে পারবেন অপরাধীদের।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ এমন অপরাধীদের আইনের আওতায় আনার জন্য গঠন করেছে সাইবার মনিটরিং সেল। সেলের হটলাইন (০১৩২০০৯০৩৩৩) নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলেই সাইবার ক্রাইম বন্ধ এবং ভুক্তভোগীদের সেবা দেওয়া হবে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে রোববার (২৯ মে) বিকেল ৩ টায় সাইবার মনিটরিং সেল গঠন করে কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের তথ্য দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম জানান, আমাদের ডিআইজি সাহেবের পরামর্শে সাইবার সেল গঠন করেছি। এটি সাত সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে চালু হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং করা হবে। আপনারা জানেন সাইবার বুলিং, ফ্রড, জিমেইল-ফেসবুক হ্যাকিং – এগুলো দিন দিন বাড়ছে। এগুলো কঠোর হস্তে দমনের জন্য চব্বিশ ঘণ্টা আমাদের সাইবার পেট্রোলিং টিম চালু থাকবে।তিনি আরো বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর দোড়গোড়ায় এই সেবা পৌঁছে দিতে চাই এবং সাইবার সহযোগিতা করতে চাই। যে কেউ সাইবার হারাসমেন্ট বা বুলিংয়ের শিকার হলে সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন নাম্বার থাকবে। সেখানে যেকোনো সময় সেবা পাবেন। আমরা তাদের কাঙ্খিত সেবা দিয়ে থাকব। সাইবার ক্রাইম প্রতিরোধে আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশের মুখপাত্র হাফিজুর রহমান, নারায়ণগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট

You might like