

মো. সোহেল কিরণ :
উল্টোপথে আসা গাড়ি চালনায় বাধা দেয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্মীর উপর নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের চাষাঢ়াস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মোল্লা, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন “নিরাপদ সড়ক চাই” জাতীয় সংগঠনের ঢাকার ধামড়াই শাখার সহ সভাপতি মো. ইমরান হোসেন। এসময় ঢাকামুখী লেনে উল্টো দিক দিয়ে প্রতীক সিরামিক্সের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ৫৩৩৪৬৮) আসছিল।
তাকে বাঁধা দিয়ে সঠিক পথে চলার অনুরোধ করেন নিসচা’র কর্মী ইমরান হোসেন। এতে ক্ষীপ্ত হয়ে প্রতিষ্ঠানটির ৫-৬জন কর্মকর্তা তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে গাড়িতে তুলে কারখানায় নিয়ে যায়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন, সংগঠনের পরিচয়পত্র, নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই কর্মকর্তারা।

এ ঘটনায় ওই শাখার সভাপতি নাহিদ মিয়া বাদি হয়ে ধামড়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দ্রুতই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন সংগঠন নেতারা। অবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার না করা হলে নিরাপদ সড়ক চাই সংগঠনটির সারাদেশের কর্মীরা বৃহৎ আন্দোলন করার হুশিয়ারী দেন তারা।










