রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার (মাদারীপুর) :

মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণে ঘটে জাহিদুল (২৮) নামে ১ বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এসময় আহত হয় অন্তত ৫ জন।

বুধবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

নিহত জাহিদুল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন, ফরিদপুর বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), ফরিদপুর কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০), হেমায়েত বেপারী (৪০), হাওয়া বিবি (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানায়, রাজৈর বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে বেলুন বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের একটি পুকুর পাড়ে বেলুন গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা। এসময় গ্যাস প্রয়োগ করার সময়ে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ২ বেলুন বিক্রেতার পা উড়ে যায় ও ঘটনাস্থলে থাকা আরো ১ বেলুন বিক্রেতাসহ ৩য় শ্রেণীতে পড়ুয়া এক বাচ্চার বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে জাহিদুল নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠায় কর্ত্যবরত চিকিৎসক। এছাড়াও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় সিলিন্ডার উঁড়ে গিয়ে ৪০০ মিটার দূরে হেমায়েত বেপারীর বাড়িতে পড়লে আরো ২ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী আসাদুল বেপারী বলেন, আমি পুকুর পাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় আর পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। দৌড়ে এসে দেখি ২ জনের হাটুর নিচ থেকে পা নেই। আর দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাদেরকে ভ্যানে করে হাসপাতালে পাঠাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শংকরদি এলাকায় গ্যাসবেলুন বিস্ফোরণে ১ বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might like