চিন্তাসমূহ কূজনভরা

যুবক অনার্য :

চিন্তাসমূহ প্রায়শ প্রদর্শনমূলক
ব্যধিগ্রস্থ মানুষ আর তার চার পা,
যেহেতু মানুষেরা প্রায়শ পশু
যেমন আজ কাল পরশু’ র
যে-পদচারনা সাম্প্রদায়িক এবং
বটে সাম্রাজ্যবাদী – এই কলেবরে আজকাল বড়ই
হই হট্টগোল
হে অই ঐরাবত তোমার কাছে কলাগাছ বুঝি প্রিয়!
মানুষের কাছে রক্ত -মানুষের -হয়ে আছে প্রিয়
জেমস জয়েস যেভাবে লিখেছিলেন
ফিনেগান্স ওয়েক তাহা ইংগিতমূলক
বোকা সব সাম্রাজ্যবাদী আর অমুকতমুকবাদীর
মুরোদ কি হবে কোনোদিন যে বুঝে নেবে
এক প্রস্থ ফিনেগান্স কিংবা ইউলিসিস!
জেমস জয়েস তিনি যিনি বলেছিলেন- I wrote Ulysses, what did you do?
এ কথায় খুব কি বোঝা হলো –
আমরাও লিখবো প্রকাশ্য কাব্য এক
ইংগিত মুদ্রিত ক’রে!
নজরুলের কথা এখন যদি করো উচ্চারণ –
নজরুল কেনো নয় ইংগিতবাচক
কেনো লিখেছেন – প্রকাশ্যদিবালোকে-
‘ ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন?’
ঠিক আছে হে বৎস তবে তাই হোক -জয়েস আর মিশিয়ে নজরুল সৃষ্টি হোক প্রণালীকথন-
উদ্বৃত্ত আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে- ‘ডাস ক্যাপিটাল’র এ কথার বৈজ্ঞানিক সত্যতা
মেনে নিতে হলে প্রয়োজন নেই অবিশ্বাসী
কিংবা বিশ্বাসী হবার।

সেই যে এক দিন ছিলো যখন পাখিরা গাইতো গান
হায় আজ তারা গান ভুলে শ্রোতা হয়ে গেছে!

মাননীয়,
আমাকে বুঝতে হলে আপনাকে টিকে থাকতে হবে
তিন শতাব্দিভর
সময় আপনাকে দেবে কি সেই সময়!

You might like