

মাজহারুল ইসলাম (রুবেল), ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে শিবচরের ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সাবিকুন নাহার ওই গ্রামের রিপন মাদবরের স্ত্রী। তার ৭ বছর বয়সের একটি পুত্র ও ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, রাতে বিছানা থেকে নামার সময় খাটের নিচে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তার ডাক চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় ফিরোজুর রহমান বলেন, সাবিকুন নাহার আমার মামাত ভাইয়ের স্ত্রী। রাতে নামাজ পড়ে খাট থেকে নামার সময় তাকে সাপে কামড় দেয়। সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সাবিকুন নাহার নামে এক গৃহবধূকে সাপের কামড় দিলে, আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মারা যান বলে শুনেছি।










