রূপালি গিটার

যুবক অনার্য :

দীর্ঘ ১২ বছর পর রিং বেজে উঠেছিলো : চলো বদলে যাই
– সেই তুমি কেনো হয়েছিলে এতটা অচেনা এতটা বহুদূর
: যেটুকু ছিলো অপরাধ তুমি ক্ষমা ক’রে দিয়ো
– ভাঙনে শিল্পের ক্ষত নিয়ে একদিন বোলেছিলে- তুমি আমার
: পাঁজরে পুষ্পের ঘ্রাণ শুঁকে বোলছি শোনো – আমি তোমার
-ফেলে আসা সেই সব দিনগুলো কী-বোর্ডে ঝড় তুলে চলো ভুলে যাই
: ধ্রুপদি কষ্টগুলো দু’হাতে সরিয়ে পিয়ানোর স্পর্শে কেঁপে ওঠা
জোনাকির মতো চলো বদলে যাই

আমরা বদলে গিয়েছিলাম। ১২ বছর পর রূপশ্রী আমার কাছে
ফিরে এসছিলো
যে-গিটার রূপশ্রীকে আমার কাছে ফিরিয়ে এনেছিলো
আমাকেও ফিরিয়ে নিয়েছিলো রূপশ্রীর কাছে
আজ সেই রূপালি গিটারখানি নেই

বাচ্চুদা, অশ্রু গোপন ক’রে রাখতে বোলো না আমায়

You might like