শেরপুর নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী খুন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় সোহাগী আক্তার নামের এক কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় আরিফুল ইসলামকে (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাত ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় ঘটনাটি ঘটে।
সোহাগী কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের এইচ এসসির শিক্ষার্থী ।

অন্য দিকে ঘাতক আরিফুল ইসলাম নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গেল রমজানের সময় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সাথে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে আজ সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির পাকের ঘরে রাত্রীযাপন করে আরিফুল।

ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করা শুরু করলে ডাকচিৎকার শুনে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাথারীভাবে ছুরি দিয়ে আঘাত করে।

চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন এবং বাবা শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক আরিফুলকে আটক করে পুলিশ।

 

 

You might like