ঈদকে সামনে রেখে মহাসড়কে বিশেষ নিরাপত্তা দিচ্ছেন শিবচর হাইওয়ে পুলিশ

মোঃ হানিফ মোল্লা, শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বগাইল টোলপ্লাজা হতে পদ্মাসেতুর জাজিরা টোলপ্লাজা পর্যন্ত শিবচর হাইওয়ে পুলিশের তিনস্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী শাখাওয়াত হোসেন।

তিনি বলেন,’ঈদকে ঘিরে একদিকে রাজধানীসহ বিভিন্ন স্থানের পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক অন্যদিকে ঈদ করতে বাড়ি ফিরবেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার অসংখ্য মানুষ। মহাসড়কে সকল ধরনের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের বিশেষ প্রস্তুতি রয়েছে। মঙ্গলবার(৫ জুলাই) থেকে আমাদের বিশেষ এই কার্যকম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঈদে পদ্মাসেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রীসহ বিভিন্ন জেলার মানুষ সেতু ব্যবহার করে বাড়ি ফিরবে। মহাসড়কে থাকবে যানবাহনের বাড়তি চাপ। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ মঙ্গলবার সকাল থেকেই বিশেষ কার্যক্রম শুরু করেছে।

মহাসড়কে চেকপোষ্ট, টহল বাড়ানো হয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রনসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে রয়েছে একাধিক চেকপোষ্টও।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন বলেন,’ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন এবং যানজটবিহীন করতে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে।

পদ্মাসেতুর টোলপ্লাজ থেকে মহাসড়কে আমাদের ২৭ কিলোমিটার পথে ঈদ পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত হাইওয়ে পুলিশের একাধিক টিম বিশেষ নিরাপত্তা বজায় রাখতে কাজ শুরু করেছে। মহাসড়কে যেন যানজট না হয় সেদিকেও বিশেষ ব্যবস্থা থাকছে। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে দুটি করে টহল টিম ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে।

You might like