

মোঃ হানিফ মোল্লা, শিবচর(মাদারীপুর) প্রতিনিধি:
চলতি বছর গত রমজানের ঈদেও শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। নৌযানে অতিরিক্ত বোঝাই, বাড়তি ভাড়া, আর নৌযানে উঠতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকার মতো দীর্ঘদিনের স্বাভাবিক চিত্র ছিল ঘাট এলাকায়। ঈদকে ঘিরে লাখ লাখ মানুষের বাড়ি ফেরার ভোগান্তিময় প্রতিযোগিতা ছিল নৌরুটে। বাড়ি ফিরতে নাভিশ্বাস বের হওয়া সাধারণ যাত্রীদের একই বছরের কুরবানির ঈদ এক ভিন্নরকম প্রশান্তি নিয়ে আসছে।

প্রথমবারের মতো বাড়ি ফিরতে আর চরম ভোগান্তি আর পথে পথে দূর্ভোগ পোহাতে হবে না দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের। রাজধানী ঢাকা থেকে গাড়িতে চেপে বসলেই নিজ বাড়িতে এসে পৌছাতে পারবেন তারা। স্বপ্নের পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার এই বড় পরিবর্তন বাড়ি ফেরার প্রশান্তি নিয়ে এসেছে সাধারণ যাত্রীদের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে,ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষেরা। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে মাদারীপুর,গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন জেলার পরিবহনের চাপ বেড়েছে এক্সপ্রেসওয়েতে। ঈদযাত্রায় সেতু এবং এক্সপ্রেসওয়েতে টোল দিতে যতটুকু সময় ব্যয় হয় পরিবহনের। এরপর মহাসড়কের কোথাও থামতে হচ্ছে না। নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে পারছেন যাত্রীরা। পরিবহনের চালকদের সাথে কথা বলে জানা গেছে,‘ঈদকে সামনে রেখে এবার বাড়ি ফিরতে নতুন অভিজ্ঞতা পাচ্ছে যাত্রীরা। ঢাকা থেকে গাড়ি উঠলে একেবারে গন্তব্যে গিয়ে নামতে পারছেন যাত্রীরা। তাছাড়া সময়ও লাগছে খুবই কম। আগে বাড়ি ফিরতে যেখানে ৪/৫ ঘণ্টা ব্যয় হতো। এখন মাত্র ২/৩ ঘণ্টা লাগছে গন্তব্য অনুযায়ী। তাছাড়া যাত্রীদের কোন ভোগান্তি নেই।’
যাত্রীরা জানিয়েছেন,‘ঈদকে সামনে রেখে এইবার বাড়ি ফিরতে কোন তাড়া নেই। কারণ ঢাকা থেকে গাড়িতে উঠলেই বাড়ি পৌছানে যাচ্ছে। নেই নৌপথের কোন ভোগান্তি। রাত হলেও কোন সমস্যা থাকছে না। পদ্মা সেতুর ফলে ঢাকা আর বাড়ির দূরত্ব কমে গেছে। এখন যেকোন সময়ই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারি। পরিবার-পরিজন নিয়ে লঞ্চ-ফেরিতে উঠার দূর্ভোগ নেই।’
মাদারীপুরের শিবচরের যাত্রী মো. বেলায়েত হোসেন বলেন,‘ঈদ মৌসুমে দক্ষিণাঞ্চলের মানুষের যুগ যুগ ধরে যেই ভোগান্তি ছিল তার অবসান হয়েছে। গত ঈদেও নৌযানে পার হতে ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। স্পিডবোটে ছিল বাড়তি ভাড়ার দৌরাত্ম আর চালকদের রূঢ় আচরণ। বৃষ্টি নামলে তো দূর্ভোগের শেষ ছিল না ঘাট এলাকায়। বাড়ি ফিরতে টেনশন ছিল ঠিকমতো পদ্মা পার হতে পারবো কিনা। আর এবার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। এখন ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার প্রতিযোগিতায় নামতে হবে না।’
আরেক যাত্রী মো. ইব্রাহিম বলেন,‘ঢাকা থেকে বাড়ি ফিরতে সময় লাগলো দেড়ঘণ্টারও কম। আগে ৩/৪ ঘন্টা সময় ব্যয় হতো। এখন কোন ক্লান্তি নেই। পদ্মা সেতুর ফলে এই ঈদে লাখ লাখ মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবে।’
আফসানা আক্তার নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন,‘ঈদ মৌসুমে এই পদ্মা পার হতে গিয়ে অনিয়ন্ত্রিত চালকদের হাতে অসংখ্য প্রাণহানি ঘটেছে। গত বছরে বাড়ি ফিরতে ফেরিতে যাত্রীদের চাপে পড়ে মারা গেছে কয়েকজন। নদী পার হতে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার যাত্রীদের লঞ্চ, ফেরি এবং স্পিডবোটে উঠতে হয়েছে। ধারণ ক্ষমতার কয়েকগুণ যাত্রী নিয়ে বাড়তি ভাড়া দিয়ে এই পদ্মা নদী পার হতে হয়েছে সাধারণ মানুষের। এ কারণেই এই সেতু আমাদের কাছে আবেগের স্থানে রয়েছে। এখন বাড়ি ফিরতে কোন ভোগান্তি নেই। নেই কোন তাড়াহুড়া!’

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,ঈদকে সামনে রেখে পদ্মাসেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা থেকে শুরু করে ভাঙ্গা উপজেলার বগাইল এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কে হাইওয়ে পুলিশের বিশেষ টহল রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ। এর মধ্যে ২৪ ঘন্টাই থাকছে টহল। সড়কের বিভিন্ন স্থানে রয়েছে চেকপোষ্ট, মোবাইল টিম, কুইক রেসপন্স টিমসহ একাধিক ব্যবস্থা। মহাসড়কে যাতে যানজট তৈরি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি থাকছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন,’এবারের ঈদ যাত্রায় নৌপথের কোন ভোগান্তি নেই যাত্রীদের। প্রথমবারের মতো এবারের ঈদযাত্রা হবে ভিন্ন রকম আনন্দের। মহাসড়কে যেন ঘরমুখো মানুষের কোন দূর্ভোগ না হয়,সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। ঈদ পরবর্তী সাত দিন পর্যন্ত আমাদের বিশেষ কার্যক্রম থাকবে মহাসড়কে। যাতে করে ফিরতি পথেও যাত্রীদের কোন ভোগান্তি না হয়।’
তিনি আরও বলেন,’মহাসড়কে যানজট নিরসনে আমাদের হাইওয়ে পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে। যেখানেই যানজটসহ কোন অপ্রীতিকর ঘটনার খবর পাবে সেখানেই তাৎক্ষণিক ছুটে যাবে আমাদের টিম।
মোঃ হানিফা মোল্লা,
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি
মোবাইলঃ০১৭২৬০৭০৩৭৮
তারিখঃ০৮-০৭-২০২২










