আমি পুরুষকে ঘৃণা করি : যুবক অনার্য

দরোজায় কড়া নাড়ছে কেউ
কে এলো এতো রাতে!
বললাম- কে বলছেন
ওপাশে ভারী আওয়াজ: দরোজা খুলুন।
কে বলছেন?
পুনরায় একই বাক্য: দরোজা খুলুন।

আমি চিনতে পারি না
দরোজা না খুলে অপেক্ষা করি
লাথি তুমুল ধাক্কা
দরোজা খুলছে না তবু
কয়েকজন মিলে দরোজা ভেঙে ফেললো এটা হতে পারে যুদ্ধময় সময়ের
একটি ঘটনা
হতে পারে ডাকাত পড়েছে
হতে পারে পুলিশের লোক
তবে এরা আসলে কারা

এরা যারাই হোক
ভেতরে ঢুকে আমাকে কয়েক ঘা মেরে মুখ বেঁধে ফেললো
আমার সাড়ে আট বছরের ছেলেটিকে কষে চড় বসিয়ে দিলো
এটা কি কোনো একশন চলচ্চিত্রের শুটিং-
শুটিং-এ কি সত্যি করে চড় দেয়!
অভিনয় চলচ্চিত্র সত্যি বা যা-ই হোক
এরপর যা ঘটলো তা কি কোনোভাবেই নেয়া যাবে মেনে!-

প্রিয়তমা বধুকে আমার
চোখের সমুখেই ইচ্ছেমতো করলো
যা খুশি তা-ই
এরা কারা এরা তবে কারা
এরা কতিপয় পুরুষ
কেনোইবা করলো এরকম-
করলো, কারণ এটাই তো ধর্ম পুরুষের
আর ঘটনাগুলি চিরকাল হয়ে আসছে শুধুই এরকম।

তাই আমি পুরুষকে ঘৃণা করি।

_________________________________
লেখক পরিচিতি :যুবক অনার্য। জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৭৮, র‍্যাংকিন স্ট্রিট ওয়ারী,ঢাকা,বাংলাদেশ। লেখাপড়া- ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।পেশা: শিক্ষকতা। প্রকাশিত গ্রন্থ – চার্বাক লেনে দ্বিভাষিক পায়ের ছাপ (কাব্য,বইমেলা ২০০৭);স্তব্ধতার বৈরী কররেখা (কাব্য,বইমেলা ২০১২);
A Modernizer of Pastoral Poetry ( Essay book: Dhaka International Book Fair 2010).
অধিবাস: মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ইমেইল: jubakanarjo@gmail.চম

You might like