
যুবক অনার্য :
আমি তো মরে গেছি সেই কবেই।আমাকে বেঁচে থাকবার গান শুনিয়ে কি লাভ হবে বলো! তুমি বলেছিলে আমি শুধু তোমার কেবলি তোমার অন্য কারো কখনোই নয়।

আমি তো আমাকে তোমার করে দিয়েছি ঠিক সেরকম করে।বিপরিতভাবে আমিও পারতাম,বলে দিতে: তুমিও আর কারো নও অন্য কারো কিছুতেই নও তুমি শুধু আমার কেবলি আমার।বলি নি কারণ ওসব ঠিক বলে কয়ে হবার মতো কিছু নয়।ধরেই নিয়েছিলাম- তুমি ছেলেমানুষ তাই বলছো ওরকম অদক্ষ ভঙ্গিমায়।কিছুটা সময় গেলে ভাষাও বদলে যাবে- প্রত্যাশা ছিল এরকম ।কিছুটা নয়- মেঘে মেঘে বেলা ফুরোলো বেশ।আমি ছিলাম তোমার উপর অবিচল বিশ্বাস নিয়ে আমার, যে- তুমি আমার কেবলি আমার, অন্য কারো নও কিছুতেই।
বিশ্বাসে বিশ্বাসে কাটছিলো বেশ। ভালোই তো ছিলাম।মাঝেমধ্যে তুমি ফোন করে খুব মধুর সুরে বলে যেতে: জানু, আজ আমার অমুক বন্ধু আমার সংগে একটু দেখা করতে চায়।যাবো?তুমি বোল্লেই যাবো,নইলে নয়।ভাবতাম: বন্ধু দেখা করবে এটা তো একটি স্বাভাবিক ও যাপিত ঘটনারই অংশবিশেষ- এখানে নিমরাজির তো কিছু দেখছি না।না করে দিলে আমি নিজেই যাবো ছোটো হয়ে নিজের কাছেই।বোলতাম: বেশ তো ঘুরে এসো, এটা আমাকে জানানোর কী আছে।তুমি বোলতে: কুটু কুটুটা আমার তুমি খুব ভালো।কিছুদিন পর আবার বলে যেতে সেই পুরনো সুরে: কুটু কুটু আজ তমুক বন্ধু আমাকে টি এস সি থাকতে বলেছে বিকেলের দিকে।যাবো? তুমি বোল্লেই,নইলে নয়।
আমারও সেই মিহিন উত্তর: বেশ তো যাবে না কেনো- আমাকে বোলবার কি আছে!অমুক বন্ধু তমুক বন্ধু- বন্ধু বন্ধু করে করে তুমি ধীরে ধীরে আমার অগোচরে হয়ে উঠলে বিশ্ববন্ধুময় আর সরে যেতে থাকলে একটু একটু করে আমার সীমানা ছেড়ে দূরে –বহুদূর।আমি বুঝেও উঠতে পারি নি: পাখি কিন্তু উড়াল দিয়েছে নীলাকাশ জুড়ে।যেরকম হওয়াটাই নিয়ম-এমন একটা সময় এলো আমাকে না জানিয়েই তুমি বন্ধু বন্ধু বন্ধু নিয়েই মেতে উঠলে দারুন।একদিন আমার জায়গায় অন্য কেউ হয়ে উঠলো তোমার জানু তোমার কুটু কুটু।আমার নাকের ডগার সামনে দিয়েই কী অনায়াসে ওসব ঘটিয়ে চলছিলে তুমি।ঘটাবেই তো।তোমাকে তো বস্তুত আমিই ঠেলে দিয়েছিলাম বন্ধুবাজারে তোমার।
সুতো ছিঁড়ে একদিন বাকাট্টা হয়ে গেলো ঘুড়ি।মনে হলো নিজ হাতে দেবীকে বিসির্জন দিয়ে দিলাম। আজকাল মনে হয়-আমি ছোট মনের পরিচয় দিতে চাই নি – সে ছিলো প্রথম ভুল।দ্বিতীয় ভুল: আমার ভেতর উথলে ওঠেনি ঈর্ষার মতোন কোনো পবিত্র অনুভুতি আর তৃতীয় ভুল: গভীর গভীরতম বিশ্বাস।তাই আজ শুধু মনে হয় অবিশ্বাস আর প্রেম পরষ্পর পরিপুরক। আর বিশ্বাস? প্রেম- প্রেম যুদ্ধে এক আত্মঘাতী ছুরি বৈ অন্য কিছু নয় অন্য কিছুই নয়!









