স্বরূপকাঠিতে যুবলীগের বাধার মুখে বিএনপির প্রতিবাদ সভা

যোগ দিতে পারেনি জেলা নেতৃবৃন্দ ১০-১৫ নেতা কর্মি আহত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
তেল, গ্যাসসহ নিত্য পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে স্বরূপকাঠিতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাস্থলে আসার পথে যুবলীগ ও ছাত্রলীগের ইট পাটকেল নিক্ষেপের মুখে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনসহ জেলা নেতৃবৃন্দ সভায় যোগদান না করেই ফিরে যেতে বাধ্য হন।

গতকাল বুধবার সকালে দক্ষিন পাড় বন্দরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির একাংশ নির্ধারিত প্রতিবাদ সভার শুরু করেন। সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকরামুল ইসলাম বাবুল প্রমুখ।

ওই সভায় যোগদানের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ নেতৃবৃন্দ ট্রলার যোগে আসার পথে বাধার মুখে পড়েন। নদী পার হয়ে বিএনপি নেতা কর্মিদের ট্রলার জগন্নাথকাঠি বাজারের কাছাকাছি আসার পথে যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন ও ছাত্রলীগ নেতা অনিক আচার্যের নেতৃত্বে একদল কর্মি ইট পাটকেল ছোড়েন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মিয়ারহাটে ফিরে অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন জগন্নাথকাঠি বাজারের উত্তর পাড় থেকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বৃষ্টির মতো ইট পাটকেল ছোড়ার কারনে তারা সভায় যোগ দিতে পারেননি এবং তাদের ট্রলারে থাকা ১০-১৫ জন নেতা কর্মি আহত হয়েছে। এ সব অভিযোগের বিষয় জানতে চাইরে শহিদুল ইসলাম রিপন বলেন, হামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির আন্তঃ কোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবী করেন রিপন।

You might like