শেরপুর শ্রীবরদীতে নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে মোশারফ হোসেন নামে এক অটোরক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার শেরপুর শ্রীবরদী সড়কের লঙ্গরপাড়া গলাকাটা ব্রিজের পাশের পানির ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন (৪৫) একই উপজেলার কুড়িকাহনীয়া এলাকার মৃত জাকির হোসেন ওরফে বাতাসুর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন গত ১১ই সেপ্টেম্বর রাত ১১ টার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে ফিরে না আসায় পরদিন তার ছেলে হৃদয় মিয়া (১৭) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার সকালে লংগড়পাড়া সড়কের গলাকাটা এলাকায় সড়কের পাশে একটি পানির ডোবা থেকে ক্ষতবিক্ষত ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরনে শার্ট ও লুঙ্গি ছিল।

এ ব্যাপারে নিহতের স্ত্রী কামরুন্নাহার জানান, তার স্বামী প্রতিদিন রাতে অটোরিকশা চালাতেন। ওইদিন আর ফিরে আসেনি। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে অপহরণকারীরা ফোন দিয়ে টাকা দাবি করে। তিনি বলেন, আমি স্বামী হত্যার বিচার চাই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

You might like