নবাবগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দীঘিরপাড় এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ও হেরোইনসহ মো. আজাদ(৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ ৯৮ হাজার টাকা।

মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর অধিনায়ক(পরিচালক) ডিআইজি মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নবাবগঞ্জ ও রাজধানী ঢাকা শহরসহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর(সোমবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নবাবগঞ্জের দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আজাদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ১৬০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ ৯৮ হাজার টাকা। এ ছাড়াও তার নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আজাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

You might like