

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা)
ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য মতে দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর এই তিনটি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ০৬ অক্টোবর, মনোনয়ন বাজাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহন ২ নভেম্বর।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২২ বছর যাবৎ নির্বাচন অনুষ্ঠিত হয়নি সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে। এই তিনটি ইউনিয়ন পরিষদের কিছু অংশ নিয়ে ২০০০ সালে গঠিত হয়েছিলো দোহার পৌরসভা। দীর্ঘদিন যাবৎ সীমানা জটিলতা এবং মামলা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি এই তিন ইউপি’তে।
এবিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিনের সীমানা জটিলতা ও মামলা থাকায় নির্বাচন হয়নি এ তিন ইউপি’তে। আমাদের দোহার-নবাবগঞ্জ উপজেলার সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সহযোগিতা ও একান্ত চেষ্টায় দোহার পৌরসভার সীমানা সংকোচন করে গেজেট পাসসহ সকল মামলা নিষ্পত্তি করে গত ২৭ জুলাই পৌরসভা নির্বাচন হয়েছে। বাকি ছিলো এই তিনটি ইউনিয়ন পরিষদ। আগামী ২ নভেম্বর এই তিনটি ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আনন্দিত।

এবিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সীদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে আমরা তফসিল পেয়েছি। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।










