টানা তিনদিনের ছুটিতে এক্সপ্রেসওয়েতে বেড়েছে গাড়ির চাপ

মোঃ হানিফা মোল্লা, শিবচর(মাদারিপুর) প্রতিনিধি :

তিনদিনের ছুটিতে ঘরে ফিরছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাধারণ মানুষ পদ্মাসেতু থাকায় ঘরে ফিরতে কোন দুশ্চিন্তা না থাকলেও বৃহস্পতিবার(৬ অক্টোবর) সকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী বাসগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। গাড়ির সকল সিট বুকিং হবার পরও দাঁড়িয়ে অসংখ্য যাত্রী গন্তব্যে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এবং ভাঙ্গা বাস স্ট্যান্ডে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগর, পদ্মাসেতুর টোলপ্লাজা এলাকা ঘুরে দেখা গেছে দক্ষিণাঞ্চলগামী বাস এবং ব্যক্তিগত ছোট গাড়ির দ্রুতগতিতে ছুটে চলা। অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা মহাসড়কে বেশি রয়েছে। ঢাকার বাস থেকে নেমে ছোট যানবাহনে উঠতে যাএিরা ভিড়ের মধ্যে পরতে হচ্ছে যাত্রীদের।

পাঁচ্চর বাসস্ট্যান্ডে নামা যাত্রীরা জানান,’শুক্র,শনি এবং রবিবার বন্ধ। অনেকেই আজকে(বৃহস্পতিবার) ছুটি নিয়েছে। সবাই বাড়ি ফিরছে। বাস থেকে নেমে থ্রি হুইলারে উঠতে যাত্রীদের বেশ ভিড়। ভাড়াও বেশি নিচ্ছে।’

রহিমা নামের এক নারী বলেন,’তিনদিন টানা ছুটি রয়েছে। এখন তো বাড়ি ফিরতে কোন সমস্যা হয় না। আগে পদ্মা নদী পার হতে কত যে দূর্ভোগ ছিল ঢাকার বাস কাউন্টারে কিছুটা ভিড় থাকলেও গাড়িতে উঠার পর আর চিন্তা নেই।

বাসের কর্মচারীরা জানান, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল এবং শুক্রবার সকালের দিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়ে বাসে। তবে আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকায় আজ ভিড় কিছুটা বেশি রয়েছে।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মিসবাহ উদ্দিন জানান,পদ্মাসেতু চালুর পর আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আমাদের টিম সার্বক্ষণিক মহাসড়কে টহল দিচ্ছে। ছুটির দিনে সড়কে গাড়ির জটলা তৈরি হয়। তবে কোন দূর্ভোগ যেন না হয়, সেদিকে আমরা তৎপর রয়েছি।

You might like