দোহারে ইউপি নির্বাচনে যাচাই বাছাই সম্পন্ন

মাকসুমুল মুকিম :

দীর্ঘ প্রায় ২০ বছর পর দোহার উপজেলার রায়পাড়া, মাহমুদপুর, সুতারপাড়া তিন ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতা থাকার কারনে এই দীর্ঘ ২০ বছর নির্বাচন বন্ধ ছিল। আর এই নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই চলে। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে তিন ইউপিতে চেয়ারম্যান পদে ১৯ জন মেম্বার পদে ১৩৪ জন ও সংরক্ষিত আসনে ৩৬ জনের মনোনয়ন বৈধতা দেওয়া হয়। শুধু সুতারপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ নং আসনের স্বর্না আক্তার বাদ পরেন বয়স না হওয়ায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোবাশ্বের আলম স্যার নেতৃত্বে আজকে নির্বাচনের তফসিল অনুযায়ী দোহারের তিনটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনের তফসিলঅনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। প্রর্থীতা প্রত্যাহার শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রার্থীতা বাদ পরার বিষয় তিনি বলেন, আমরা সবাইকে মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করেছি। শুধু সুতারপাড়া ইউনিয়নের স্বর্না আক্তার সংরক্ষিত আসন ১,২,৩ এর মনোনয়ন পত্র বাদ দেওয়া হয়েছে। কারণ তার বয়স ২৩ বছর। নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন করতে হলে ২৫ বছর হতে হবে। দোহারে তিন ইউনিয়নের জন্য মোট ১৮৯ জনের মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন , সংরক্ষিত আসনে ৩৬ জন ও মেম্বার পদে ১৩৪ জনকে বৈধতা ঘোষণা করা হয়েছে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ জটিলতা শেষে দোহার উপজেলার তিনটি ইউনিয়ন রায়পাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনের রেখে সকলের সহযোগীতা প্রয়োজন। দোহারবাসীর সার্বিক সহযোগীতা থাকলে নির্বাচন কমিশন একটি সুন্দর ইউপি নির্বাচন উপহার দিবে।

 

তিনি আরো বলেন, এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। যেটি সকাল ৮ থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

You might like