

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা)
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া এ তিনটি ইউনিয়ন পরিষদের(ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বিজয়ী নৌকার প্রার্থীরা হলো- মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সুতারপাড়া’ ইউনিয়নে শেখ নাসির উদ্দিন ও রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন।

মাহমুদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী পেয়েছেন ৪,৫৬৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফারুক উজ্জামান (আনারস) পেয়েছেন ৩,২৪৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুরুল ইসলাম (হাতপাখা) ১,৪০৯ ভোট পেয়েছেন।
সুতারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১ শত ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল মোল্লা(চশমা) পেয়েছেন ২ হাজার ৪ শত ৬৯ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল মালেক(হাতপাখা) ১ হাজার ২ শত ২৫ ভোট, নুরুল আলম(আনারস) ১ হাজার ৫ শত ৭ ভোট, পারুল আক্তার(রজনীগন্ধা) ৭৩ ভোট, বায়েজিদ হোসেন(দুটি পাতা) ৪ শত ৫৩ ভোট, মেহেদী হাসান সাদ্দাম(টেলিফোন) ১ হাজর৯ শত ৯৪ ভোট, মো. আজাদ রহমান(মোটরসাইকেল) ৩ শত ৫৮ ভোট ও হায়দার আলী বেপারী(অটোরিক্সা) ১ হাজার ৩ শত ১৯ ভোট পেয়েছেন।
এ ছাড়া রাইপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ২ শত ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের মো. নুরুল হক পেয়েছেন ১ হাজা ৭ শত ৮ ভোট। এ ছাড়া আ. রশিদ(মোটরসাইকেল) ৯ শত ১৭ ভোট, মোহাম্মদ আলী হোসেন(আনারস) ১ হাজার ৪ শত ৪৭ ভোট ও মো. শহীদুল(হাতপাখা) ৩ শত ৬১ ভোট পেয়েছেন।
দোহার পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ২০ বছর নির্বাচন বন্ধ থাকার পর বুধবার এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এ তিন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালোই ছিল। সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ভোট প্রয়োগ করেছেন। ইভিএম এর ধীরগতি এ সমস্যার কারণে ভোটারদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরে খুশি। নির্বাচনে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে তিন ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৩৬ জন ও ১৩৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার ছিল। নির্বাচনে ৬ জন ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।










