দোহারে শিয়ালের কামড়ে ৯ জন আহত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা) :

ঢাকার দোহার উপজেলায় একই দিনে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার নিকড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে উপজেলার নিকড়া বটতলা এলাকায় ঝোপ থেকে একটি শিয়াল বের হয়ে রাস্তার ওপর উঠে আসে। শিয়ালটি এ সময় পথচারী আব্দুস সালাম(৫৫), জালাল খান(৬৪), সুমি আক্তার(৩৪), ফিরোজা বেগম(৫০), কাইয়ুম(৬০) সাইম বেপারী(১৭), লাইলী আক্তার(৩৫), ফাহিম(৭) ও ফরহাদ শেখ(৪৫)কে কামড়ে আহত করে।

এদের প্রত্যেকের হাতে ও পায়ে শিয়ালটি কামড়ে দেয়। শিয়ালের কামড়ে জালাল খানের ডান হাতের একটি আঙুল পড়ে যায়।

আহত সবাই দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও শিয়ালের কামড়ে জালাল খানের ডান হাতের একটি আঙুল পড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত ফরহাদ শেখ বলেন, এলাকায় শিয়ালের উৎপাত শুরু হয়েছে। আজকে একটি শিয়াল হঠাৎ রাস্তার ওপরে উঠে এসে পথচারীদেরকে কামড়ে দেয়।


দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিয়াজ মাহমুদ বলেন, শিয়ালের কামড়ে আহত আটজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

You might like