দোহারে বেগম রোকেয়া দিবস পালিত

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সকালে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করার পর উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এর পর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন, দোহার, ঢাকা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দোহারের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে দোহার উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রোকেয়া দিবসে দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। দোহার উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী কাটাখাল দক্ষিণপাড় গ্রামের শাহরীমা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহার গ্রামের জান্নাতুল ফেরদৌস, সফল জননী ক্যাটাগরিতে নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহারপুরী গ্রামের দোলন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে দোহার পৌরসভার মধ্য লটাখোলা গ্রামের শাকিলা জাহান সম্মাননা পান।


এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা বিষয়ক অফিসার রহিমা বেগম, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদ চোকদার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লায়ন আব্দুস সালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকা জালাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সালেহা বেগম সহ দোহার উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ।

You might like