

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
ভোর ৬ টার পর ৩১ বার তোপধ্বানির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর সকাল ৭টায় দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করার হয়। সকাল ৭টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়।
পরে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে অংশগ্রহণ করেন দোহার থানা পুলিশ, দোহার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষবাহিনী, দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ ন্যাশন্যাল ক্যাডেট কোর (বিএনসিসি) দোহার শাখা এবং উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

অপরদিকে নবাবগঞ্জে আব্দুল ওয়াছেক মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়ালী মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি, সালমান এফ রহমান বলেন, ১৬ ডিসেম্বর দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনও ভাবি নাই নয় মাসে দেশ স্বাধীন হবে। সেই জন্য সবাইকে পরিশ্রম করতে হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বিজয় এমনি এমনি আসেনি। আমরা বীর মুক্তিযোদ্ধাদের কখনও ভুলতে পারব না। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান আরো বলেন , দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি হুংকার দিয়ে বলে ছিলেন ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। কোথায় গেল সে সব হুংকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরে বলেছেন, আওয়ামী লীগকে এত দূর্বল ভাবা ঠিক না।
দিবসটি উদযাপন উপলক্ষে এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদারসহ বীর মুক্তিযোদ্ধাগণ।










