

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :
ঢাকার দোহার উপজেলায় রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন মুছা আব্দুল্লাহর বিল্ডিংয়ে রংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আরশাদ আলীর ছেলে মো. মনির (৪০) এবং ইকরাশি খ্রিষ্টানপাড়া এলাকার মো. আসলামের ছেলে সানি (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার দক্ষিণ জয়পাড়ায় মুছা আব্দুল্লাহর বিল্ডিংয়ের রাস্তার দিকে রঙের কাজ করছিলেন মনির ও সানি। এ সময় বিল্ডিং বিদ্যুতের তারে জড়িয়ে তারা স্পর্শ হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।










