পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় নাইট কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছেন। রবিবার (৮ জানুয়ারী) রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার বোদা সদর ইউনিয়নের উলিপুকুরী এলাকার আশরাফুল ইসলামের ছেলে হাফেজ মো. মশিউল রহমান মিশু (২৫) ও তাঁর মা মাহফুজা আক্তার (৫০)। মিশু বোদা পৌর শহরের ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার সহ. শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিশু তাঁর মোটরসাইকেলের পেছনে মা মাহফুজা আক্তারকে নিয়ে বাড়ি থেকে পঞ্চগড় শহরে বোনের বাড়ি যাচ্ছিলেন।

এ সময় ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-মহাসড়কে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি নাইট কোচ তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You might like