

জিএম মুছা :
ঘন কালো রাত্রির আঁধার ছেনে ছেনে বেরিয়ে আসে প্রচন্ড দেশপ্রেম, আবেগহীন ভালোবাসার মোহাগ্ৰ। কখনও কখনও খণ্ড -খণ্ড যুদ্ধের ভয়াবহ চিত্র থেকে জন্ম নেয়,
এক একটি মহীরুহ, মন্ত্রমুগ্ধ বিদ্রোহী মানুষ।

একসাথে অনেকগুলো মানুষের পদধ্বনি ভেসে আসে বাতাসে,
কার কন্ঠস্বর শুনে জেগে উঠল একটি দেশ ,একটি জাতি, একটি যুগ ,একটি অধ্যায়?
জানতে চাই সভ্য মানুষের কাছে,
শতাব্দীর ধ্বংস স্তূপ হতে,
বলিষ্ঠ, শ্লোগান -কালজয়ী ভাষণের মধ্যে,
নতুন সৃষ্টির উন্মাদনার,সুর ঝংকার বেজে ওঠে কেন বারবার,
যাপিত জীবন নিকষ অন্ধকার রাত্রি,
কিভাবে কেটে যায়,
অহর্নিশ তন্দ্রাহীন অসংখ্য মানুষের?
প্রকৃতি নিজ হাতে এঁকে দেয়, পৃথিবীর মানচিত্রে একটি ভূখণ্ডের, একটি জনপদের পরিচয় চিহ্ন।
হঠাৎ প্রচন্ড শব্দে কেঁপে উঠল পৃথিবী,
নভোমন্ডল থেকে উল্কার মত ছিটকে পড়ল একটি নক্ষত্র,
সঙ্গে অনেকগুলো অনুজ্জ্বল তারা, তারপর নীল আকাশ জুড়ে অনেকক্ষণ ধরে উল্কা বৃষ্টি হলো,
ঝড় উঠল থেমে গেল -রাতের আঁধার তখনো কাটেনি,
ধীরে ধীরে একসময় সবকিছু শান্ত হলো লেখা হলো কালের গর্ভে, লুকিয়ে থাকা হাজার বছরের বাঙ্গালির শ্রেষ্ঠত্বের ইতিহাস।









