

মাজহারুল ইসলাম (রুবেল) :
মাদারীপুরে ইটেরপুল-ঘোষেরহাট আঞ্চলিক সড়কটি সুরক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়া ও অনিয়মের অভিযোগ ওঠায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুর ১২টার দিকে শহরের ইটেরপুল এলাকায় সওজ ভবনে এ অভিযান চালানো হয়। এ সময় সড়কটির সংস্কারকাজের নথিপত্র সংগ্রহ করে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দুদকের প্রতিনিধিদল।

দুদকের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে ঢাকা দুদক কমিশন থেকে আমাদের সড়কটির অনিয়ম অনুসন্ধানে নির্দেশনা দেয়। সেই মোতাবেক আমরা সওজে অভিযান পরিচালনা করি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত করছি। সরকারি এই অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদের সামনে ওই সড়কসম্পর্কিত নথিপত্র উপস্থাপন করেন। সেগুলোর ফটোকপি সংগ্রহ করা হয়েছে। তথ্য-উপাত্ত বিচার–বিশ্লেষণ ও সরেজমিনে দেখতেছি।
সওজ মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ‘দুদকের অভিযান সম্পর্কে দুদক বলতে পারবে। এখানে আমাদের কিছু বলার নেই। তাঁরা এসেছেন, যা যা জানতে চেয়েছেন, তা আমরা দেখিয়েছি। তা ছাড়া ক্ষতিগ্রস্ত পাথরিয়া পাড় টু ইটেরপুল সড়কটির বিভিন্ন স্থানে মেরামত আরও এক মাস আগেই শেষ করেছেন ঠিকাদার। তাঁদের জামানত এখনো আমাদের কাছে রক্ষিত। আগামী দুই বছর এই সড়কে কোনো স্থানে কোনো প্রকার ক্ষতি হলে তাঁরাই মেরামত করে দেবেন।










