চাঁদপুর-কুমিল্লা সড়কে যাত্রীরা জিম্মি, মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

মিজানুর রহমান রানা :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ৭০ কিলোমিটার পথ এখন লাখো মানুষের জন্য আতঙ্কের নাম। একসময়ের গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি এখন নরকযন্ত্রণা আর প্রতিনিয়ত মৃত্যুঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে চলাচল করলেও সেবার মান শূন্যের কোঠায়। সরেজমিনে দেখা গেছে, ফিটনেসবিহীন মুড়িরটিন বাস, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা, চালক-হেলপারদের বেপরোয়া আচরণ এবং অপ্রশস্ত, ভাঙাচোরা সড়কের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে কোনো নিয়ম মানা হয় না। পাল্লাপাল্লি করে বাস চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই, এবং অরক্ষিত বাঁকগুলোতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে ১ ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা।

যাত্রীদের দাবি:
১. দ্রুত ৭০ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ
২. ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করা
৩. যত্রতত্র স্টপেজ বন্ধ ও নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ
৪. দক্ষ চালক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা
৫. মহাসড়কে পুলিশি নজরদারি বাড়ানো

এই মহাসড়কটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সচেতন মহল।

প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy