গাংনীতে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি সমাবেশের পাশে তিনটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলা শহরের হাসানের চায়ের দোকানের পাশে দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপরে একটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাংনী বাজারে বোমা বিস্ফোরণের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় এবং বাঁশবাড়িয়া বিস্ফোরণস্থলের পাশেই বিএনপির জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি রয়েছে। এ কারণে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিএনপি কার্যালয়ের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়। পরে ধোঁয়া উঠতে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি দাবি করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের স্থানে একটি গাছ ছিল এবং গাছের মধ্যে টাইম বোমা রাখা হয়েছিল।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমাদের অনুষ্ঠান রয়েছে। আমরা বিএনপি কার্যালয়েই বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে টাইম বোমা বিস্ফোরিত হয়। আমরা সেখানে গিয়ে দেখি দুটি টিনের টুকরা ও ব্যাটারি পড়ে রয়েছে। আমাদের এ অনুষ্ঠান বানচাল করার জন্য কে বা কারা এগুলো রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রকাশিত :  ‍ রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy