
মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—বোদা উপজেলার সেনপাড়া, পাঁচপীর এলাকার হৃদয় ইসলাম (২২), পিতা মো. আশিনা ইসলাম এবং একই এলাকার মহেন রায় (২৩), পিতা দীনেস রায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, দুই মাদক ব্যবসায়ীন মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে গাঁজা নিয়ে বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে যাচ্ছেন। পরে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে কৌশলে অবস্থান নেয়।
রাত প্রায় ৯টার কয়েক মিনিট পরে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম ও মোটরসাইকেলের পেছনে থাকা মহেন রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়।
তল্লাশির সময় বস্তার ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরে পরিমাপক যন্ত্রের মাধ্যমে ওজন করে পোটলাগুলোতে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
অভিযানে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ৯টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত আলামতগুলো যথাযথভাবে জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








