
সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের মডেল টাউনের মোড় থেকে কল্যাণপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি যেন দীর্ঘদিন ধরে অভিভাবকহীন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। বর্ষা মৌসুমে কোনো কোনো স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা ও জলাবদ্ধতার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে।

এদিকে ১৪নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে অন্তত এক ডজন ব্যক্তি মাঠে সক্রিয় রয়েছেন। বিভিন্ন সময় জনসভা, গণসংযোগ ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি শোনা গেলেও গুরুত্বপূর্ণ এই সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তাদের নজরে পড়ছে না বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন—জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আগে যারা জনগণের পাশে থাকার কথা বলছেন, তাদের দৃষ্টিতে বছরের পর বছর ধরে চলমান এই দুর্ভোগ কেন গুরুত্ব পাচ্ছে না?
অন্যদিকে পৌর কর্তৃপক্ষের এমন নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, মনে হয়
১৪নং ওয়ার্ড থেকে পৌরসভা কোনো ধরনের রাজস্বই পায় না, তাই সড়কটির উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের এতটা উদাসীনতা।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটির জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হোক। একই সঙ্গে নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে জনগণের দুর্ভোগ লাঘবে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








