

সজীব খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়।
রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা সাহাবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সভাপতি, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, বিষ্ণুদি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন সর্দার, কামরাঙ্গা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের এবং রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

















