
যুবক অনার্য
ইতোমধ্যে আমি কয়বার গলা ধাক্কা খেয়েছি আমার মনে নেই।হরহামেশাই খাই বলেই মনে থাকবার কোনো কারণও নেই।বন্ধুরা আমাকে দেখলে এড়িয়ে যায় যদি টাকা ধার চেয়ে বসি – এই ভয়ে ১ মাইল দূর থেকেই ঘুরানো রাস্তা দিয়ে বেঁকে যায়। অথচ মনে আছে একদা এই বন্ধুদের প্রায় সবার চা নাস্তার খরচটা বের হতো আমার মানিব্যাগহীন পকেট থেকেই।

অথচ মানুষেরা কী দারুন নিজের মুল্য না বুঝেই সস্তায় বিক্রি হয়ে যায় আর তাদের মাথাটাও সস্তায় কিনে ফেলে দেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিবিদ তবে সরাসরি নয়, বেশ কয়েকটা ধাপ মাড়িয়ে কিংবা ডিঙিয়ে আর এটাই হচ্ছে নিয়ম – সুবিধাজনক।বলছিলাম বন্ধুদের কথা।এতো এতো বন্ধুর মধ্যে কেবল অবিনাশ আমাকে এখনও ছেড়ে যায় নি।আমি অবাক হয়ে বলি : কিরে সকলেই পালালো কিন্তু তুই আমার পিছু ছাড়ছিস না কেনো! সে একটু অভিমানের সুরে বলে: আমাকে সবার সঙ্গে তুলনা করছো যুবকদা!
এভাবে বোল্লে সত্যিই হারিয়ে যাবো।ওর হারিয়ে যাবার কথায় আমি চমকে উঠি, যদি সত্যিই হারিয়ে যায় তবে তো আমার আর কেউ রইলো না ।এখন পর্যন্ত অবিনাশের পরিবার থেকে নেয়া সামর্থ্য যেটুকু আছে তা হল আমাকে সিগ্রেট সাপ্লাই দিয়ে যাওয়া। অন্তত অইটুকুও যদি না হয় তবে যে আমি বাঁঁচবো না- অবিনাশ এটা ভালো করেই বুঝতে পারে, তাই এমন দুর্মূল্যের বাজারেও এই মহৎ(!)কাজটা সে করে যায়।অবিনাশ ছাড়া সবাই আমাকে ছেড়ে গেলো। অনিমেষ, যে নাকি আমার সাহায্য ছাড়া মেট্রিকে পাশই করতে পারতো না সেও ছেড়ে গেলো। ছেড়ে গেছে শুভব্রত, যাকে আমি প্রেম করিয়ে দিয়েছিলাম মনিষার সঙ্গে। এক জীবনে কতোজনকেই করে দিয়েছি কতোকিছু,টিকলোনা কেউ।সবাই যে যার মতো ফিরে গেল বৈষয়িক দরোজায় কেবল অবিনাশই রয়ে গেল দরোজা জানালাহীন।কিন্তু কেনো! এর রহস্যটাই বা কি!মানুষেরা হতে পারে এখনও এতটা স্বার্থহীন – ভেবে অবাক হয়ে যাই।
অবিনাশ আমাকে ধমকে দিয়ে বলে :ওসব বাদ দাও, কাজের কথায় আসো। সুদর্শনার বিয়ে ঠিক হয়ে গেছে অই ভূড়িঅলা টাক মাথাটার সঙ্গেই।সুদর্শনা বলেছে: তোমার কি কিছুই করার নেই!আমি অবিকে বোল্লাম :কি করার আছে তুই বল। একে তো ওদের পরিবার আমার ব্যাপারে রাজি নয়, আমি ভবঘুরে বাউন্ডুলে চালচুলো নেই। আমাদের ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত আর সুদর্শনারা উচ্চবিত্ত।এটা আসলে কোনোভাবেই হবার নয়।অবি বলে: তুমি চাইলে সুদর্শনা পালিয়ে যেতেও প্রস্তুত। আমি বলি:দেখ, জীবনটা বাংলা ফিল্ম নয়- পালিয়ে কোথায় যাবো রাখবোই বা কোথায় খাওয়াবো কি।ও আসলে বায়সিক ঘোরে আছে, বয়স কম অভিজ্ঞতাও কম। অবি চুপ করে যায়।সম্ভবত আমার যুক্তিগুলি ওর মস্তিষ্কে ধরেছে।
বন্ধুরা আমাকে ছেড়ে গেলো এসব নিয়ে আমি চিন্তিত নই। বস্তুত কোনো কিছু নিয়েই আমি তেমন চিন্তিত নই।হৃদিতা একদিন নদীর ধারে নিয়ে জলে নেমে আমার হাঁটুতে মাথা রেখে বলেছিল :কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবেনা। আমি যাওয়ার আগেই হৃদিতা চলে গিয়েছিলো।সেই হৃদিতা এখন দুই সন্তানের মা। একদিন নিউমার্কেটে দেখা, সঙ্গে বর।
হৃদিতা
আহ্লাদে গদগদ।জামাইবাবুর অঢেল টাকা ওকে দিয়েছে অথই সুখ। হৃদিকাকে যদি জিজ্ঞেস করা হয়: পড়ন্ত বিকেল নদী তুমি আর যুবক- মনে আছে! আমি নিশ্চিত যে, সে বেমালুম ভুলে গেছে কিংবা মনে থাকলেও স্বীকার করবে না।বুঝলি রে অবি, মেয়েরা এরকমই হয়।সব মেয়েছেলেই এক- যাহা ৫২ তাহাই ৫৩। আমাকে সবাই ছেড়ে গেছে কেনো জানিস!হা হা। আমি জানি তুই বলতে পারবি না। আমার পেছনে ঘুরতো মেয়েরা আর বন্ধুরা ঘুরতো মেয়েদের পেছনে-এটা ওদের ইগোতে খুব লেগেছিলো। বলতো অবি এখানে আমার দোষটা কোথায়! আমিতো কখনো মেয়েদের ইচ্ছে করে পটাতে যাই নি, মেয়েরাই আমার কাছে এসে গল্প জুড়ে দিতো।আমি বরং কিছুটা এড়িয়ে যেতেই চাইতাম।তবুও দোষটা যেনো আমারই- বন্ধুদের অভিযোগ এবং চাহনিটা ঠিক এরকম!
অবিনাশ, আমার সম্পর্কে তুই সবই জানিস। নতুন করে বোলবার কিছু নেই।শুধু এটুকু বোলে যেতে পারি – খুব বেশিদিন পৃথিবীতে আমি নেই,থাকবো না, উপর থেকে অর্ডার হয়ে গেছে।হাতে সময় খুব কম।বন্ধুদের বিষয় একটাই – নারী এবং নারীর যাবতীয় ভোগ্য-এলাকা।আমি চলে গেলে তুই বিপ্লবটা চালিয়ে যাবি।মান্তুকে সব বলা আছে। ও তোকে সব রকমের সহায়তা করবে। সে আন্ডার ওয়ার্ল্ডের ছেলে।কাজ করে গোপনে।ওর উপর গভমেন্টের নজরদারি আছে। যে কোনো সময় এরেস্ট হয়ে যেতে পারে।এরেস্টেড হয়ে গেলে তোকেই হতে হবে মান্তু দ্য সেকেন্ড।মনে রাখিস পৃথিবীতে মান্তুরা মরে গেলেও রেখে যায় উত্তরসুরী।এই উত্তরসুরী শুধুমাত্র মানুষই হতে হবে এমন কোনো কথা নেই।তাদের জীবন আদর্শ তাদেরকে নিয়ে লেখা বই আমাদের উদ্দেশে একধরনের উত্তরাধিকার যা স্টাডি করে আমরাও হয়ে যেতে পারি মান্তুদের উত্তরসুরী।মান্তু আর কিছুই নয় শুধু আপোষহীন এক চেতনার নাম।আমাকে কথা দে- আমি চলে গেলে তুই পিছপা হবি না। অবি আমার দুই হাত জড়িয়ে ধরে কিছুই বললো না ;ওর চোখ বেয়ে দু ‘ফোটা জল গড়িয়ে পড়লো আমার হাতে।আমি বুঝতে পারি-অবি তৈরী হয়ে গেছে। আসলে ছেলেটা আমাকে বুঝতে পেরেছে খুব ভালেভাবে।আমার খারাপ লাগছে এটা ভেবে যে অবিকে আমি এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিলাম।বললাম :অবি, আমাকে ক্ষমা করে দিস । তুই ছাড়া আমার আপাতত বিকল্প নেই। সমগ্র জীবন দিয়ে আমি শিখেছি – অন্ধকার জমে গেলে চিৎকার চেঁচামেচি দিয়ে অন্ধকার দুর হয় না, শুধু একটা দেশলাইয়ের শলাকা জ্বালিয়ে দিলেই অন্ধকার দূর হয়ে যায়।আমরা পথে নেমেছি জীবন দিয়ে সেই শলাকাটা জ্বালিয়ে দেবো বলে।
অবির চোখ থেকে তখনও টপটপ ক’রে জল গড়িয়ে পড়ছিলো।আমি স্মিথ হেসে বললাম : বেঁচে থাকতে হলে মরণের সঙ্গে সহবাস শিখে নিতে হয়- এ সহবাস এতোটাই শক্তিশালী যে চাইলেই পূবের সূর্যকে পশ্চিমে উঠিয়ে পুব দিকে ডুবিয়ে দিতে পারে মানে মানব সভ্যতাকে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে দিতে পারে।আমরা সেই সূর্যের অপেক্ষা করছি আর করছি একটি সফল সঙ্গমের অপেক্ষা যার পর ফুটে উঠবে একটি লাল টকটকে গোলাপ।আমি বললাম: তুই এবার না হয় বাসায় ফিরে যা।অবি বললো: আমি বেরিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত আগুন জ্বালিয়ে দিতে না পারি, বাসায় ফিরবো না।আমি অবিকে জড়িয়ে ধরে বলি :এইতো চাই।অবি আমার পা ছুঁয়ে বললো- আশির্বাদ কোরো দাদা: পথ আমাদেরকে নয়, আমরাই পথকে পথ দেখিয়ে দেবো।জয়তু বিপ্লব!
অবিনাশের এ কথার পর সম্ভবত আর কিছু বলার অপেক্ষা রাখেনা।






